যুদ্ধাপরাধীদের বিচার কেউই ঠেকাতে পারবে না

by News Room

সিলেটের খবর ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই আন্দোলন হোক, যুদ্ধাপরাধীদের বিচার কেউই ঠেকাতে পারবে না। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান। তারা একের পর এক হরতাল-অবরোধ দিয়ে গরিবের পেটে লাথি মারছে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছে। এটাই তাদের রাজনীতি। তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। যুদ্ধাপরাধীদের মতো তাদেরও বিচার করা হবে।আজ মঙ্গলবার বিকেলে পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন বাবলুর সভাপতিত্বে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ করছে, আমরা তাদের বিচার করছি। এরই মধ্যে একজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। বাকিদের রায়ও কার্যকর হবে। কোনো আন্দোলন দিয়ে তাদের খালেদা জিয়া বাঁচাতে পারবেন না।’

তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে নির্বিচারে গাছ কেটে, রাস্তা কেটে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে। জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যুদ্ধাপরাধীদের মতো তাদেরও বিচার হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। আমরা দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন করেছি। ভবিষ্যতেও করব। নির্বাচনের পর জয়কে আপনাদের কাছে পাঠিয়ে দেব। সে এসে আপনাদের সেবা করবে। রংপুরকে বিভাগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় হয়েছে। এখানে উন্নয়নের জন্য যা যা করা দরকার, সবই হবে।’

এ সময় তিনি ৫ জানুয়ারির নির্বাচনে তাকে নৌকা প্রতীকে আবার ভোট দেওয়ার আহ্বান জানান।

You may also like

Leave a Comment