নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন,অপেশাদার কিছু সংখ্যক কর্মকর্তার কারণে বিগত দিনে আমরা জনগণের প্রতিপক্ষ হয়ে গিয়েছিলাম। পুলিশ জনগণের বন্ধু, জনগণের প্রিয় হতে চায়। জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার বলেন আইন শৃংখলা কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা খুব জরুরী। জনগণের সাথে আমরা বসব, আলোচনা করব। তিনি বলেন, আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না। পরিবর্তিত পরিস্থিতে আমি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। সিলেটে মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা পুলিশ লাইন্সে সিলেটে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নতুন এসপি আরও বলেন- অনাকাঙ্ক্ষিতভাবে সিলেট এসপি কার্যালয়ের সব কিছু পুড়ে গেছে। পুড়ে গেছে সব রেকর্ড। সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কার্যালয় মেরামত ও দ্রুত সবকিছু গুছিয়ে আমরা মূল ভবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি।
মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- আমি যতদিন সিলেট আছি, এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে- এটি শুনবেন না। প্রবাসীরা সকল সেবা নির্বিঘ্নে পাবে। চিনিসহ সকল চোরাচালান রোধে এখন থেকে আরও কঠোর ভূমিকা পালন করবে জেলাপুলিশ। উদ্দেশ্যমূলক মামলায় কেউ হয়রানির শিকার হবেন না।
সকল ক্ষেত্রে সিলেটের নবাগত এসপি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।সভায় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলজার আহমদ হেলাল, ইমজা সভাপতি সজল ছত্রী প্রমুখ।
উল্লেখ্য, ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এর আগে সিলেটের এসপি ছিলেন আব্দুল মান্নান।৩০ আগস্ট মান্নানের কাছ থেেকে দায়িত্বভার গ্রহণ করেন মাহবুব। তিনি এর আগে পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন। ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা মোহাম্মদ মাহবুুর রহমান।
