সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিসহ ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার

by News Room
ডেস্ক রিপোর্ট::সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে কলেজ ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক। একইসাথে আগামীকালকের হরতাল প্রত্যাহারের ঘোষণাও দেন তিনি।

সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই সংবাদ সম্মেলনে এম এ হক ওসমানী মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ডকুমেন্টস সাংবাদিকদের সামনে প্রদর্শন করে বলেন, ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ১০ ছাত্রলীগ নেতা-কর্মীকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করেছে। বহি®কৃত এই ১০ ছাত্রলীগ নেতাকর্মী হচ্ছে কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দে, সাধারণ সম্পাদক সাইফুল হাই এবং রাফি, ফাহিম, জুবায়ের, শরীফ, অন্তত, হাফিজ, পাঠান ও রিপন।

তিনি বলেন, তৌহিদুল হত্যায় এই জড়িত এই ১০ জনকে বহিষ্কার করায় এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে এক সপ্তাহের সময় চাওয়ায় আমরা আগামীকালের হরতাল প্রত্যাহার করলাম।

তবে এই এক সপ্তাহের মধ্যে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে না পারলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর  মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

You may also like

Leave a Comment