সিলেটের আদালত চত্বরে গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুযযামান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আদালতের মত সুরক্ষিত আঙ্গিনায় সাংবাদিকদের উপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের প্রাক্কালে এ রকম সন্ত্রাসী ঘটনা আমাদেরকে শংকিত করে তুলেছে। ফটো সাংবাদিকগণ জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও তাদের নিরপত্তার কোন ব্যবস্থা নেই। নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির জোরদাবি জানান।
এদিকে ২৬ জানুয়ারি শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় আহত যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসানকে দেখতে ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে যান সিলেট মহানগর জমিয়তের সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর ছাত্র জমিয়তের সহ প্রচার সম্পাদক দেলওয়ার হুসাইন ইমরান। এ সময় নেতৃবৃন্দ মামুনের শারীরিক অবস্থার কথা শুনেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। বিজ্ঞপ্তি
