ডেস্ক রিপোর্ট: সিলেটে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি। সোমবার মনোনয়ন জমার শেষ দিনে বিকাল ৩টা পর্যন্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ আওয়ামী লীগ মনোনীত ৬ জন এবং স্বতন্ত্র আরো ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুর ১২টা ৫৫ মিনিটে সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে আসেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। তার সাথে মনোনয়ন জমা দিতে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদ আসেন।
এর কিছুক্ষণের মধ্যে নির্বাচন কার্যালয়ে প্রবেশ করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। দুপুর সোয়া ২টায় আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
এছাড়া সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদ ও স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমা দেয়া উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। চারদিকে পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক র্যাব সদস্যের উপস্থিতি দেখা যায়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিলেটের ৬ আসনে মনোনয়নপত্র কিনেছেন ১৭ জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন সিলেট-৫ আসনের এম এ মতিন।
