মালদ্বীপকে বিদায় করে সেমিতে আফগানিস্তান

by News Room

সিলেটের খবর ডেস্ক: বাঁচা মরার ম্যাচে মালদ্বীপরা পেয়েছে টুর্নামেন্টে তাদের প্রথম গোল। গোল করে উচ্ছাসে ভেসেছেন মালদ্বীপের খেলোয়াড়রা। কিন্তু ঠিকে থাকার লড়াইয়ে ছিটকে গেলেন তারা! আফগান ঝড়ে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।  বুধবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরেছে মালদ্বীপ। টুর্নামেন্টে ঠিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না মালদ্বীপের। কিন্তু নেপালের পর আফগানদের কাছেও হেরে বিদায় ঘন্টা বেজে গেছে তাদের। দেশে ফেরার বিমান ধরার আগে এই টুর্নামেন্ট থেকে তাদের প্রাপ্তি দুই গোল।  ম্যাচের শুরু থেকেই আক্রমণ শাণাতে থাকে আফগানরা। ম্যাচের প্রথমার্ধের  ১১ মিনিটে মাঝমাঠ থেকে আফগানিস্তানের শায়েক হাকিমীর উদ্দেশ্যে মালদ্বীপের বক্সে বল পাঠান রহিম আজিজী। বল ধরে ঠান্ডা মাথায় বাঁ পায়ের জোরালে শটে মালদ্বীপের জাল কাঁপান শায়েক হাকিমী।  ১৭ মিনিটে মালদ্বীপ ডিবক্সের ভেতর থেকে আফগান অধিনায়ক অমিদ হায়দারের তীব্রগতির শট মালদ্বীপ গোলরক্ষক আহমেদ নিশাম ফিরিয়ে দেন। কিন্তু পোস্ট ফাঁকা পেয়েও বল পাঠাতে ব্যর্থ হন প্রথম গোলদাতা শায়েক হাকিমী।  ২৯ মিনিটে আক্রমণে ওঠে মালদ্বীপ। বক্সের বাইরে থেকে মালদ্বীপের আহমেদ ফিরাশের দুর্দান্ত শট গোলপোস্ট ঘেষে বাইরে চলে যায়।  ৩৬ মিনিটে আফগানিস্তানের বদলি খেলোয়াড় ২০ নং জার্সিধারী জমশিদ আজিজী দারুণ ড্রিবলিংয়ে তিনজনকে পেছনে ফেলে বল বাড়ান প্রথম গোলদাতা শায়েক হাকিমীর উদ্দেশ্যে। কিন্তু গোলবঞ্চিত হয় আফগানরা। তার শটটি ক্রসবারে লেগে ফিরে আসে।  দ্বিতীয়ার্ধের ৩ মিনিটেই আবারো এগিয়ে যায় আফগানরা। নিজেদের মধ্যে আদান-প্রদানে মালদ্বীপের বক্সে ঢুকে আফগান আবদুল নাসের আমিনী প্লেসিং শটে দারুণ এক গোল করেন। ৯ মিনিটে আফগানিস্তানের রাহিম আজিজীর ডিফেন্স চেরা পাস ধরে আবদুল নাসের আমিনী দলের তৃতীয় এবং তার দ্বিতীয় গোল করেন।  ১৭ মিনিটে ব্যবধান কমায় মালদ্বীপ। আহমেদ ফিরাশের লম্বা পাস ধরে আফগান ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন বদলি খেলোয়ার ইয়ানিশ আদিল। তবে ৩১ মিনিটে জটলা থেকে বল পেয়ে আফগান বদলি খেলোয়ার শের আহমদ হামিদী গোল করে ব্যবধান বাড়ান।  ৩৯ মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে একজনকে পেছনে ফেলে দ্রুত বক্সে ঢুকে পড়েন মালদ্বীপের ইয়াশিন আদিল। তাকে ফাউল করায় পেনাল্টি থেকে সহজ গোল করে ব্যবধান কমান মালদ্বীপ অধিনায়ক ইসমাইল জান আমির।

You may also like

Leave a Comment