ডেস্ক রিপোর্ট:আড়াই বছরের শিশু সিরাজামমুনিরা মেহজাবি অনবরত কাঁদছিলো। তারা মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন ভাষাসংগ্রামী মো. আব্দুল আজিজ। কান্না থামানোর জন্য তিনি শিশুটির হাতে তুলে দেন মিষ্টি চকলেট।এর পর কান্না থামলে শিশুটিকে পরিচয় করিয়ে দেন বাংলা বর্ণমালার সাথে। দেন হাতেখড়িও। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় সিলেট মহানগরীর কুমারপাড়া এলাকায় ভাষাসংগ্রামী মো. আব্দুল আজিজের বাসভবনে এইভাবেই শিশু মেহজাবির হাতেখড়ি হয়। ভাষাসংগ্রামীর কাছ হাতেখড়ির এ আয়োজন করে শিশু- কিশোরদের সংগঠন পাঠশালা। এটি ছিলো সংগঠনটির ১৩তম আয়োজন। আয়োজক সংগঠন জানিয়েছে , ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারী থেকে ভাষাসংগ্রামীদের কাছ থেকে হাতেখড়ি প্রচলন শুরু করা হয়। এ পর্যন্ত হাজারো শিশু হাতেখড়ি নিয়েছে।
মেহজাবির হাতেখড়ির সময় পাঠশালার সংগঠক হুমায়ুন কবির, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক সুমনা আজিজ, মহানগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা সিরাজামমুনিরা মেহজাবির বাবা মো. লতিফুর রহমান উজ্জ্বল, মা হেনা বেগম ওরফে হেনামমো উপস্থিত ছিলেন। হুমায়ুন করিব বলেন, শিশুদের হাতেখড়ি ভাষাসংগ্রামীদের হাতে হোক। এ চিন্তা থেকেই এ আয়োজনের সূচনা করা হয়। ভবিষ্যতে আরো ঘটা করে প্রচুর সংখ্যক শিশুদের নিয়ে হাতেখড়ি দেয়া হবে।
জানা গেছে,সাংবাদিক দম্পতির শিশু কন্যা মেহজাবি।মেহজাবির বাবা উজ্জ্বল আই বাংলা টেলিভিশনে কাজ করছেন।মা হেনা মমো সিলটিভির স্টাফ রিপোর্টার ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য।
