ভারতে ২০০ মুসলিমকে গণধর্মান্তকরণ, পার্লামেন্টে হৈচৈ

by News Room

সিলেটের খবর ডেস্ক: ভারতের আগ্রা শহরে ২০০ মুসলিমকে হিন্দুধর্মে গণধর্মান্তর করানো হয়েছে— এমন একটি খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে তুমুল হৈচৈ হয়েছে।

বুধবার ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাছে এ ঘটনার ব্যাপারে ব্যাখ্যা দাবি করেন কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং সমাজবাদী পার্টির মতো বিরোধীদলগুলোর নেতারা।

তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দাবি করেন।

জানা গেছে, জোর করে ধর্মান্তরিত করার এ ঘটনায় একটি মামলাও রুজু করা হয়েছে পুলিশের কাছে।

অভিযোগে বলা হয়, আগ্রার একটি বস্তির ৫০টি পরিবারের প্রায় ২০০ লোককে উগ্র হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের কর্মীরা দরিদ্রদের রেশন কার্ড দেয়ার কর্মসূচিতে অংশ নেয়ার কথা বলে একটি মাঠে নিয়ে যায়।

কিন্তু সেখানে নিয়ে যাবার পর যজ্ঞ এবং প্রায়শ্চিত্ত করিয়ে তাদের হিন্দুধর্মে ধর্মান্তর করানো হয়।

ধর্মান্তরিত লোকেরা বলেছে, অনেক লোকের ভিড় দেখে তারা ভয় পেয়ে এর কোন প্রতিবাদ করতে পারেনি।

আরএসএস, বজরঙ্গ দল এবং বিশ্বহিন্দু পরিষদের মতো উগ্র হিন্দু সংগঠনগুলো এ ধরনের কর্মসূচিকে ‘ঘর ওয়াপসি’ অর্থাৎ তাদের ভাষায় ‘ভারতের আদি বাসিন্দাদের’ মধ্যে যারা ‘বিপথগামী হয়ে অন্য ধর্মে চলে গিয়েছিল’ তাদের ‘ঘরে ফিরিয়ে আনার’ কর্মসূচি বলে অভিহিত করে থাকে।

আগামি ২৫ ডিসেম্বর একই ধরনের অনুষ্ঠান করে আরো কিছু খ্রীস্টান ও মুসলিমকে ধর্মান্তরিত করার পরিকল্পনা ছিল বলেও সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।

You may also like

Leave a Comment