সিলেটের খবর ডেস্ক: বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে সিলেট জেলা স্টেডিয়ামের অভিষেক হচ্ছে আগামী ২৯ আগস্ট শুক্রবার। ২৫ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে এ ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানানো হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহীদুল ইসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিএফএ’র প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম।
লিখিত বক্তব্যে জানানো হয়, সিলেটে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি দীর্ঘদিনের। অনেক পরে হলেও সিলেটে ফুটবলের একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এরকম ম্যাচ আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। এ রকম ম্যাচ আয়োজন করতে পারলে আবারো সিলেটে ফুটবলের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। পাশপাশি নতুন খেলোয়াড়রা আরো উৎসাহী হবে। খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রধান উপদেষ্টা এবং জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে আহ্বায়ক করে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদিও গত ক’দিনের টানা বর্ষণে মাঠ প্রস্তুতিতে কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়েছে। গালারীসহ স্টেডিয়ামের প্রবেশ পথ ও সর্বোচ্চ নিরাপত্তা বিধানে নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।
বিগত দিনে সিলেটে অনুষ্ঠিত স্থানীয় ও জাতীয় ম্যাচগুলোতে মারামারির ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, বিগত দিনের মারামারির ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে লক্ষে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের পক্ষ হতে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। কোনরূপ বিশৃঙ্খলা যাতে না ঘটে সে জন্য প্রতিটি গ্যালারীতে থাকবে নিরাপত্তারক্ষী বাহিনীর প্রহরা।
আরেক প্রশ্নের জবাবে ডিএফএ প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম জানান, সকল শ্রেণির দর্শকদের কথা চিন্তা করে তিনটি স্তরে টিকিটের দাম রাখা হয়েছে। সাধারণ গ্যালারীর জন্য ২০ টাকা, জিমনেশিয়ামের বিপরীত প্যাভিলিয়নের জন্য ৫০ টাকা এবং ক্রিকেট প্যাভিলিয়নের জন্য ২০০ টাকা হারে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।
সিলেটের তৃণমূল পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দিতে বাফুফেসহ সংশ্লিষ্টদের কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে বক্তারা জানান, সিলেটে ফুটবলের অতীত ঐতিহ্য দীর্ঘদিনের। সেই হারানো ঐতিহ্য পুনরূদ্ধারে জেলা ফুটবল এসোসিয়েশনসহ সংশ্লিষ্টরা কাজ চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ডিএফএ’র সহ-সভাপতি মঈন উদ্দিন আহমদসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
