ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি প্রিয়াংকা বলেন, “আমি খুব ভালো করে বক্সিং শিখেছি। এমনকি এখন হাইহিল জুতো পরেও বক্সিং করতে পারব আমি।”
ভারতের অলিম্পিয়ান নারী বক্সিং চ্যাম্পিয়ন মেরি কমের জীবনীভিত্তিক সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াংকা। আর এই সিনেমার জন্য পুরোদস্তুর বক্সার হওয়ার প্রশিক্ষণ নিতে হচ্ছে তাকে।
প্রিয়াংকা বলেন,“মেরির চরিত্রে অভিনয় করাটা আমার জন্য চমৎকার একটি অভিজ্ঞতা। বেশিরভাগ সময় যখন বায়োপিক তৈরি হয়, দেখা যায় কোনো মৃত ব্যক্তির উপর কিংবা এমন কোনো ব্যক্তির জীবনের উপর সিনেমাটি নির্মিত হচ্ছে যিনি জীবনের অনেক সময় পার করে এসেছেন। কিন্তু মেরির বয়স মাত্র ৩৩ বছর। তিনি এখনও একজন চ্যাম্পিয়ন। আর তাই পর্দায় তার চরিত্রে রূপদান করা আমার জন্য আরও কঠিন।”
প্রিয়াংকা আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে এই সিনেমাকে দেখছি প্রতিটি নারীর জীবনের প্রতিচ্ছবি হিসেবে, যারা তাদের জীবনে কিছু করতে চায় এবং নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়। মেরি তার প্রতিভা দিয়ে সেই সব মানুষের মুখ বন্ধ করে দিয়েছেন, যারা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল।”
প্রিয়াংকার ভাষ্য অনুযায়ী, এই সিনেমায় অভিনয় করা তার জন্য খুব কঠিন ছিল কারণ ছাত্রজীবনে কখনও খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন না তিনি।
প্রিয়াংকা বলেন, “আমি কখনও খেলাধুলা পছন্দ করতাম না। আমি শুধু একটি খেলাই খেলেছি, আর তা হল বাস্কেটবল। কারণ আমি লম্বা ছিলাম। তাও খেলাটা একেবারেই ভালো লাগত না। এ কারণেই মেরি কমের সিনেমা আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সিনেমা। একজন মানুষ– যার পুরো জীবনটাই খেলাকেন্দ্রিক, তার ভূমিকায় অভিনয় করতে গিয়ে আমার জীবনের অনেককিছু বদলাতে হয়েছে। একজন খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করা অনেক কঠিন, এর জন্য অনেক প্রস্তুতি নিতে হয়।”
যদিও তিনি বাস্তব জীবনে ডায়েট করতে একদমই পছন্দ করেন না, কিন্তু ‘মেরি কম’ সিনেমার জন্য খাবারের ব্যাপারে যথেষ্ট কষ্ট করতে হয়েছে প্রিয়াংকাকে। আমিষের ভক্ত হলেও তার ভাষায় প্রস্তুতির পুরোটা সময় জুড়েই ‘ঘাস-পাতা’ (নিরামিষ) খেয়ে কাটাতে হয়েছে তাকে।
তিনি বলেন, “আমি ডায়েট কিংবা ব্যায়ামে বিশ্বাসী নই। আমার ভাগ্য ভালো যে আমাকে এসব করতে হয় না। কিন্তু এই একটি সিনেমার জন্য, আমাকে নিয়মিত ‘ঘাস-পাতা’ (শাকসবজি এবং সালাদ) খেতে হয়েছে। প্রতিদিন দুই ঘণ্টা ব্যায়াম ছাড়াও ছয় ঘণ্টা করে বক্সিং প্রশিক্ষণ নিতে হয়েছে।”
সঞ্জয় লীলা বনসালির প্রযোজনায় ‘মেরি কম’ নির্মাণ করছেন পরিচালক উমাং কুমার। ২০১৪ সালে মুক্তি পাবে সিনেমাটি।
