সিলেটের খবর ডেস্ক:ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম কল্পকাহিনী ভিত্তিক চলচ্চিত্র ‘পরবাসিনী’র প্রিমিয়ার শো। প্রবাসী বাঙ্গালীদের কথা চিন্তা করেই প্রিমিয়ার শো’র জন্যে ফ্রান্সকে বেছে নিয়েছেন বলে জানান ছবিটির পরিচালক স্বপন আহমেদ। ‘পরবাসিনী’র প্রধান চরিত্রে অভিনয় করছেন মেহজাবিন,ইমন ও নিরব।
বাংলাদেশ, ভারত, সুইজারল্যান্ড, জার্মানী, বেলজিয়াম, ফ্রান্স, হল্যান্ডের মনোরম লোকেশনে প্রায় দুই মাসব্যাপী চিত্রধারণের পর গত ৩ অক্টোবর ছবিটির শ্যুটিং শেষ হয়েছে। এডিটিং এর কাজও প্রায় শেষ পর্যায়ে। আর তাই ছবিটির প্রিমিয়ার নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। খুব শিগগিরই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ারের তারিখ ঘোষণা করবেন পরিচালক স্বপন আহমেদ।
ছবিটির বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী। ছবিটির বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, পড়শি, এলিটা, তিশমাসহ আরো অনেকে। এ ছাড়াও তিনজন বিদেশী শিল্পী কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন।
