প্রহসনের নির্বাচন বর্জন করুন :সিপিবি সিলেট জেলা

by News Room

প্রহসনের নির্বাচন বর্জন করার আহবান জানিয়ে সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশ হয়েছে।

গণদাবি ও জনমত উপেক্ষা করে বর্তমান সরকার আবারো প্রহসনের নির্বাচন করতে চলেছে। নিকট অতীতে গত দু’টি নির্বাচনে (২০১৪ ও ২০১৮ সালে) সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। ২০২৪ সালের ৭ জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সরকার। নির্বাচনে নিশ্চিত করা হয়নি সকল দলের অংশগ্রহণের সুযোগ।

প্রহসনের নির্বাচন বর্জনের দাবি জানিয়ে আজ (৯ ডিসেম্বর, ২০২৩) বিকাল ৪ টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার আহবানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য মনীষা ওয়াহিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান, জেলা কমিটির অন্যতম নেতা কমরেড আনোয়ার হোসেন সুমন, শাহপরান থানার সম্পাদক কমরেড তুহিন কান্তি ধর, কমরেড রতন দেব প্রমুখ।

বক্তারা বলেন, দেশে প্রচলিত ভোট ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে। জনগণের ভোটাধিকার নেই। নীতি-আদর্শহীন শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক দলসমূহ এই অবস্থা তৈরী করেছে। অবিলম্বে স্বৈরাচারী আওয়ামী সরকারকে পদত্যাগ করতে হবে। সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য বলেন, এই নির্বাচন সব দলের অংশগ্রহণে হচ্ছে না।নতুন নতুন দল তৈরী করে, স্বতন্ত্র প্রার্থী দিয়ে বেশি দলের অংশগ্রহণ দেখানোর চেষ্টা করলেও প্রকৃতভাবে একতরফা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এলাকায় ভোটের পরিবেশ নেই। সভাপতির বক্তব্যে কমরেড সৈয়দ ফরহাদ হোসেন বলেন, চলমান রাজনৈতিক সংকট দূর করতে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে হবে।

সিলেটবাসীকে প্রহসনের নির্বাচন বর্জন করার আহবান জানিয়ে সমাবেশ সমাপ্ত হয়।

You may also like

Leave a Comment