বরগুনা জেলা প্রতিনিধি: নারী-পুরুষ দুজনেই মানুষ, এই সত্যটি মাথায় রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সংশ্লিষ্ট সবার দৃঢ় পদক্ষেপ এবং পুরুষদের বলিষ্ঠ ভূমিকা । নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রচলিত আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও পুরুষদের সম্পৃক্ততা। কেননা গবেষণায় দেখা গেছে, পুরুষকে বেশি সম্পৃক্ত করতে পারলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের কাজ আরো বেগবান হতে পারে।
বরগুনায় নারী ও শিশুদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে স্থানীয় সুরক্ষা কমিটির সাথে এক মতবিনিময় সভার বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, নারী-শিশুর জন্য একটি নিরাপদ সমাজ-রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণরা এগিয়ে আসতে হবে। নারী-শিশুর প্রতি নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
সবশেষে ‘নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন’ এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
