দুঃসহবাস’ সিরিয়ালের প্রচার নিয়ে অনিশ্চয়তা

by News Room

বিনোদন প্রতিবেদক:তসলিমা নাসরিনের উপন্যাস দুঃসহবাস অবলম্বনে তৈরি হচ্ছে মেগা সিরিয়াল। উপন্যাসের নামেই সিরিয়ালের নাম দুঃসহবাস। ভারতের পশ্চিমবঙ্গের ‘আকাশ ৮’ চ্যানেলে আজ থেকে সিরিয়ালটির প্রচার শুরু হওয়ার কথা ছিল। গতকাল বুধবার জানা গেছে, সিরিয়ালটির প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিবিসি রেডিওতে প্রচারিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, চ্যানেলটির অন্যতম অধিকর্তা ঈষিতা সুরানা জানান, তসলিমা নাসরিন আছেন বলেই তাঁদের জনরোষের সম্মুখীন হতে হচ্ছে। সিরিয়ালটির প্রমোতে এখন তসলিমা নাসরিনের সম্পৃক্ততাকে কমিয়ে দেখানোর চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি তাঁদের বলতে হচ্ছে, সিরিয়ালটি কোনো ধর্মের ভাবাবেগকে আঘাত করবে না।
সিরিয়ালটির প্রচারের অনিশ্চয়তা নিয়ে বিবিসি রেডিওকে তসলিমা বলেন, ‘শুনছি অনেকেই নাকি ওই চ্যানেলটির কাছে আপত্তি করছে, সিরিয়ালটি যেন না দেখানো হয়। দুদিন নাকি বিজ্ঞাপনও প্রচারিত হয়নি।’
তসলিমা নিজে এই সিরিয়ালের একটি ছোট চরিত্রে অভিনয়ের কথা ভেবে রেখেছেন।
আগেই জানানো হয়েছে, সপ্তাহের প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় এই সিরিয়ালটি প্রচারিত হবে।

You may also like

Leave a Comment