পয়লা জুন সপ্তম দফা তথা শেষ দফার নির্বাচন। তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অশোকনগর হরিপুর মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন তৃণমূল সন্দেশখালির মা-বোনেদের অসম্মান করেছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে নির্বাচনী জনসভায় এসে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্দেশখালির শেখ শাহজাহান একটা নয়, রাজ্যের গলিতে গলিতে শেখ শাহজাহান রয়েছে। ওই শেখ শাহজাহানদের দমন করতে হলে রেখা পাত্রকে ভোট দিয়ে জেতাতে হবে।’
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজ্যের কলকারখানা বন্ধ। কংগ্রেস সিপিএম ও তৃণমূল পালা করে রাজ্যকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছে। রাজ্যের বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছেন না। পরিযায়ী শ্রমিক হয়ে তাঁরা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন।’
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও প্রধানমন্ত্রী এদিন তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। প্রধানমন্ত্রী বললেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়ায় মতুয়ারা নাগরিকত্ব পাচ্ছেন। দেড় কোটি শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। তৃণমূল সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।’
অশোকনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী আরও এক নতুন গ্যারান্টির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘আগে আমি গ্যারান্টি দিয়েছিলাম, আমি খাব না, কাউকে খেতেও দেব না। আজ নতুন আরও এক গ্যারান্টি দিচ্ছি। এতদিন যারা লুকিয়ে চুরিয়ে খেয়েছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। তাঁদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।’
নির্বাচনী জনসভার মঞ্চে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল রাজ্যবাসীর জন্য এক নতুন আশ্বাসের কথা। তিনি বললেন, ‘রাজ্যের বাসিন্দাদের বিদ্যুৎ বিল মুকুব করা হবে। বিদ্যুৎ সংযোগ যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করা হচ্ছে। বাড়িতে সোলার প্ল্যান্ট বসানোর জন্য ৭৫ হাজার টাকা করে পরিবার পিছু দেওয়া হবে।’ সঙ্গে প্রধানমন্ত্রীর আশ্বাস,’৭০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে স্বাস্থ্য বীমা দেওয়া হবে।’
তৃণমূল সন্দেশখালির মা-বোনেদের অসম্মান করেছে:অশোকনগরের সভায় নরেন্দ্র মোদি
171
previous post

