আন্তর্জাতিক ডেস্ক : অবিশ্বাস্য মনে হলেও সত্য যে জীবনে প্রথমবারের মত মঙ্গলবার ভারতের জাতীয় সংসদ লোকসভা ভবনে ঢুকলেন নরেন্দ্র মোদি। আগামী ২৬ মে তিনিই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা।
মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে সংসদ ভবনে প্রবেশ করেন ৬৩ বছর বয়সী মোদি।
সংসদ ভবনে ঢোকার সময় তিনি মাটিতে তার কপাল ছুঁয়ে প্রণাম করেন।
এরপর দলীয় এমপিদের সামনে বক্তব্য রাখার সময় অশ্রু সংবরণ করতে পারেননি তিনি।
মোদি বলেন, ‘বলা হচ্ছে আমি এখানে (সংসদে) প্রথমবারের মত এসেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পরই আমি প্রথম গুজরাট বিধানসভা দেখেছিলাম।’
ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্টের কাছ থেকে নিয়োগপত্র নিয়ে সংসদ ভবনে আসেন মোদি।
এ সময় দলীয় সংসদ সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিজেপির শীর্ষস্থানীয় নেতা এলকে আদভানী প্রধানমন্ত্রী পদে মোদির মনোনয়নের বিরোধিতা করলেও সংসদ ভবনে তিনি মোদির সাথে কোলাকুলি করেন।
