জামায়াতের প্রেস ব্রিফিং: ছাত্রজনতার বিজয়কে নস্যাৎ করতে স্বার্থান্বেষী মহল তান্ডবলীলা চালাচ্ছে

by News Room

ছাত্রজনতার বিজয় ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে সিলেট মহানগর জামায়াত।মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এডভোকেট,সিলেট অঞ্চল জামায়াতের টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ড. নুরুল ইসলাম বাবুল ও জাহেদুর রহমান চৌধুরী,প্রবাসী নেতা আজাদ সোবহান, নগর ছাত্র শিবির সভাপতি শরীফ মাহমুদ।

লিখিত বক্তব্যে বলা হয়, শতশত শহীদের রক্তের বিনিময়ে স্বৈরশাসকের কবল থেকে দেশ ও জাতি মুক্তি পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ।মহান এই বিজয়ে ছাত্রজনতাসহ দেশের সর্বস্তরের জনতার প্রতি অভিনন্দন জানাচ্ছি। একই সাথে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে দেশের ছাত্রসমাজ, শিক্ষকসমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, আইনজীবী, কবি- সাহিত্যিক, সুশীল সমাজ, শ্রমিকসহ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক দলসমূহের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ফখরুল ইসলাম বলেন, আওয়ামী দুঃশাসনে দীর্ঘ ১৫ বছর ধরে আমরা সীমাহীন জুলুম নিপীড়নের শিকার হয়েছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে শহীদ করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে। হামলা-মামলা, জেল-জুলুমের কারণে অনেক নেতাকর্মী ও মেধাবী ছাত্ররা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বাকশালী সরকার বিদায়ের শেষ সময়ে আইন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহর বিচার জামায়াত-ছাত্রশিবির দেশেই আছে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ থেকে ভবিষ্যতের স্বৈরাচারীর শাসকদের জন্য রয়েছে শিক্ষা। আমরা প্রতিশোধপরায়ন নই। এ দেশে আমাদের। তাই এই দেশকে গড়ার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। সকল ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াত তার কর্মচেষ্টা অব্যাহত রাখবে। ইনশাআল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে নগর আমীর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কঠোর সংগ্রাম ও ছাত্রজনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণে দেশ বাকশালমুক্ত হয়েছে। ছাত্র সমাজের এই সীমাহীন ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অত্যন্ত দুঃখের বিষয়- এই আন্দোলনে শত শত ছাত্রজনতা শাহাদাতবরণ করেছে। এই আন্দোলনে পুলিশের নির্মম গুলীতে সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব শাহাদাতবরণ করেছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৭ জন, বিয়ানী বাজারে ৩ জন সহ সারা দেশে শতশত ছাত্র, ছাত্রী, সাধারন নারী, পুরুষ, শিশু গুলিতে নিহত হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আহত ও পঙ্গুত্ব বরন করেছে হাজার ছাত্র। জনতা গ্রেফতার, নির্যাতনের শিকার হয়ে কারাবরন করেছে। এক সাগর রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার বিজয় হয়েছে। আমরা সকল শহীদদের মাগফেরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবী জানাচ্ছি। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক সকল ছাত্রজনতার নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। একই সাথে ছাত্রজনতার আন্দোলনে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, ছাত্রজনতার এই বিজয়কে নস্যাত করতে সারাদেশের ন্যায় সিলেটেও একটি স্বার্থান্বেষী মহল তান্ডবলীলা চালাচ্ছে। সরকারী-বেসরকারী স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, বাসা-বাড়ী ও ব্যক্তির উপর কোন ধরণের হামলা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। যারা তান্ডবলীলা, হামলা-ভাংচুর লুটপাট চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার। দাবী জানাচ্ছি। সকল নাগরিকের নিরাপত্তা, মন্দিরসহ সকল ধর্মের মানুষের পাশাপাশি সকল উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সিলেটবাসীর প্রতি জোর দাবী জানাচ্ছি। চলমান উদ্ভুত পরিস্থিতিতে জামায়াতের সকল স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলসমূহ ও সর্বস্তরের জনতাকে ধৈর্য্যধারনের আহ্বান জানাচ্ছি। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ছাত্রজনতার বিজয়কে নস্যাত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সাংবাদিক বন্ধুগণ সহ সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। দ্রুততম সময়ে মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য স্থানীয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থাগ্রহণের জোর দাবী জানিয়ে আজকের সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি।

প্রেস ব্রিফিং সফল করায় সাংবাদিকদের মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।

 

You may also like

Leave a Comment