ডেস্ক রিপোর্ট :: জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা করেন।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেয়ার জন্য ইতোমধ্যে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দেন হাথুরুসিংহে।
নাজমুল জানান, ১ জুলাই থেকে দুই বছরে চুক্তিতে আসছেন হাথুরুসিংহে। তবে ভারত সিরিজের জন্য আরো আগে তাকে আসার অনুরোধ করা হয়েছে। তাই ১০ জুন তিনি বাংলাদেশে আসতে পারেন।
মাত্র তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন বাংলাদেশে আসবে ভারত। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের বিরোধিতাকারীদের অন্যতম ভারত এই সফরে কোনো টেস্ট এবং টি-টোয়েন্টি খেলবে না।
বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার হিসেবে দুই বছরের চুক্তি করা হয়েছে আরেক শ্রীলঙ্কান মারিও ভিল্লাভারায়ণের সঙ্গে। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ট্রেনার হিসেবে আজ করছিলেন।
নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বের পালনের পাশাপাশি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবেও কাজ করছিলেন হাথুরুসিংহে। তাকে শ্রীলঙ্কার ভবিষ্যত কোচ হিসেবে ভাবা হচ্ছে।
শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার হাথুরুসিংহে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন।
চলতি মাসের শুরুতে শেন জার্গেনসেনের পদত্যাগের পর থেকে নতুন কোচের খোঁজে নামে বিসিবি।
