ছাতকে বন্যা পরিস্থিতি ও বাজার মনিটরিং করছেন ইউএনও

by News Room

ছাতক প্রতিনিধি: ছাতকে বন্যা পরিস্থিতির তেমন কোন পরিবর্তন হয় নি।উপজেলার কোন এলাকায় রাস্তা-ঘাট তলিয়ে গেছে বা মানুষ পানিবন্দী হয়ে আছেন এমন খবরও পাওয়া যায়নি। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদ সীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন তথ্য দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী। সুরমা নদীসহ সকল নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সীমিত আকারে নৌ-পথে নৌ-যান চলাচল করতে দেখা গেছে। সুরমা নদীতে ফেরি পারাপার বন্ধ রয়েছে। মঙ্গলবার (২০ জুন) উপজেলার ইসলামপুর, নোয়ারাই, পৌরসভা, ছাতক সদর ও কালারুকা ইউনিয়নের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান এবং ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব। তারা জানান, নদ-নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাশ্রয় কেন্দ্রসমূহ প্রস্তুত রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। যাতে কেউ কোন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল, কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলম, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত জানান, বন্যার কারণে এখনো মানুষের মধ্যে দুর্ভোগ নেমে আসেনি। ভারি বর্ষণ ও নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্রবল বন্যার আশংকা করছেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী জানান, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র ও প্রস্তুত রাখা হয়েছে। এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

You may also like

Leave a Comment