চলচ্চিত্র বানিয়ে ছাতকের পবনের বাজিমাত

by News Room

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোয় ছাতকের ছেলে পবনের নির্মিত চলচ্চিত্র পুরষ্কার লাভের মাধ্যমে বাজিমাত করে চলেছে। ২৬ বছর বয়সী তরুণ নির্মাতা লায়েক আহমেদ পবনের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন ঈশ্বরের গল্প’ এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া ছাড়াও জিতে নিয়েছে ২টি পুরষ্কার। এছাড়া ১টি চলচ্চিত্র উৎসবে মনোনীতও হয়েছে পবনের চলচ্চিত্রটি।

ব্ল্যাকবোর্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রে হিসেবে পুরষ্কার লাভ করে ‘একজন ঈশ্বরের গল্প’। এরপর দূর্গাপুর আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ৬ষ্ঠ আসরে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ শিশু অভিনেতা (বিদেশী) বিভাগে আরেকটি পুরষ্কার লাভ করে।

পবন জানান, চলচ্চিত্র নির্মাণ করছি ৩-৪ বছর ধরে। এ পর্যন্ত ৪-৫টা এক্সপেরিমেন্টাল কাজ করেছি। এগুলোর মধ্যে ‘বন্দী’ ও ‘ইকুয়েশন’ মোটামুটি আলোচিত। সব থেকে বেশি সাড়া পেয়েছি ‘একজন ঈশ্বরের গল্প’ দিয়ে। এর শুটিং ছাতকের বিভিন্ন জায়গায় করা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছে ১০ বছর বয়সী শাহরিয়ার আহমেদ সামি। সিনেমার সঙ্গীত সম্পাদনার কাজ করেছেন রুপক। আব্দুল করিমের একটি গান গেয়েছেন আকাশ গায়েন। চিত্রনাট্য, সম্পাদনা, প্রযোজনা ও পরিচালনা আমি নিজেই সামলেছি।

পবনের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, সিনেমার অ-আ-ক-খ আমি কম বুঝি। আমি মূলত দৃশ্য ও কথপোকথনধর্মী সিনেমা বানাতে আগ্রহী। ছোট বেলা থেকে আমি অসংখ্য দৃশ্য গিলেছি এবং অসংখ্য কথা জমিয়ে রেখেছি। সেগুলোই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে চাই। এমন কিছু কাজ করতে চাই সামনে, যেন মানুষ ভবিষ্যতে আমার কাজ দেখলেই কার্টেসী দেখার আগেই যেন বলে দিতে পারে এটা অমুকের কাজ। এছাড়া মেইনস্ট্রিমে কাজ করারও তীব্র আগ্রহ আছে।

You may also like

Leave a Comment