সিলেটের গোয়াইনঘাটে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে বলে সিলেট জেলা পুলিশ সুত্রে জানা গেছে। পুলিশের দাবি, ঘটনাটি একটি সাধারণ দুর্ঘটনা এবং এ বিষয়ে সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিগত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টা ৫০ মিনিটে গোয়াইনঘাট থানাধীন ৭ নং নন্দীরগাঁও ইউনিয়নের বহর সাকিন এলাকায় জনৈক বিকাশ রঞ্জন দেব (৪৫) এর বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুন লাগে। বিকাশ রঞ্জন দেব মৃত বীরেন্দ্র কুমার দেবের সন্তান এবং স্থানীয়ভাবে বহর, গোয়াইনঘাট, সিলেটের বাসিন্দা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণে আনে।
থানা পুলিশ দাবি করেছে যে, তারা ঘটনার পর ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে এটা বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট একটি দুর্ঘটনা। আগুন লাগার বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সকলকে সতর্ক থাকতে এবং কোনও প্রকার বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
