কাজিটুলায় বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ

by News Room

সিলেট নগরের কাজিটুলা এলাকার কামাল আহমদ নামে এক ব্যবসায়ীর বাসা থেকে ৪ হাজার ৬৯৯ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

বুধবার দুপুরে কাজীটুলার উচা সড়ক এলাকার ওই বাসার একটি কক্ষের তালা ভেঙে বিপুল পরিমান এই তেল জব্দ করা হয়।

কামাল আহমদ কাজীটুলা এলাকার কামাল ব্রাদাস নামক একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।

তেল জব্দের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ওই ব্যবসায়অর গুদামে অভিযান চালিয়ে আমরা সামান্য কিছু তেল পাই। এরপর বাসায় অভিযান চালিয়ে সেখানকার একটি কক্ষে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ অবস্থায় দেখতে পাই।

তিনি বলেন, গোপন মাধ্যমে খবর পেয়ে আমরা এই অভিযান চালাই। জব্দকৃত তেল পূর্বের নামে বিক্রি করা হবে বলে জানান তিনি।

শ্যামল পুরকায়স্থ বলেন, আমরা খবর পেয়েছি- কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল নতুন বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। এমন খবরে আমরা নগরজুড়ে অভিযান চালাচ্ছি। এখন লালদিঘীর পাড় এলাকায় অভিযানে যাচ্ছি।

ঈদের পর থেকেই বেড়েছে সয়াবিন তেলের দাম। এ সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে সঙ্কট দেখা দিয়েছে তেলের। ব্যবসায়ীরা তেল মজুদ করে রাখার অভিযোগ রয়েছে। অনেকে বিক্রি করছেন বেশি দামে।

উল্লেখ্য, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আরও ৩৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয় গত ৫ মে। দাম বৃদ্ধিতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে। আর সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা। আগে এর দাম ছিল প্রায় ৭৬০ টাকা।

You may also like

Leave a Comment