স্টাফ রিপোর্টার:সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কমিউনিটি পুলিশ যথাযথ ভাবে কাজ করলে সমাজের অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না। করোনা দুর্যোগে পুলিশ নিঃস্বার্থভাবে সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছে। জনসাধারণ এখন আর পুলিশকে অন্যভাবে দেখেনা, বন্ধু হিসেবে দেখে। সিলেটে পুলিশের এ অবদান অক্ষুন্ন রাখতে খুব শীঘ্রই রায়হান হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে। বর্তমানে টেকনোলজি অনেক এগিয়ে। কোন অপরাধীই পুলিশের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। রায়হান হত্যাকারীদের ধরতে যা সহযোগিতা প্রয়োজন করা হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৩১ অক্টোবর শনিবার সকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে “জঙ্গি-মাদক প্রতিকারে, জনতা-পুলিশ এক কাতারে” শ্লোগানে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও সম্মানা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলে বলেন।
করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে মাহমুদ উস সামাদ চৌধুরী আরো বলেন, পুলিশবাহিনী করোনাকালে অনেক মানুষের দাফন-কাফন সম্পন্ন করেছে। অনেক ভালো ভালো কাজ করছে। দেশ সেবার জন্য আইনশৃঙ্খলা বাহিনীতে অত্যাধুনিক যন্ত্রপাতি দেয়া হয়েছে।
তিনি বলেন,সমাজে বিচ্যুতির ঘটনা ঘটছে। অনেক সময় পুলিশের বড়কর্তাদের অগোচরে ঘটছে অপরাধ। পুলিশের সেবা নাম্বারে আপনারা তাদের জানান। বাল্যবিবাহসহ নানা অপরাধ কর্মকান্ড পুলিশকে জানাতে হবে।
পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে এমপি বলেন, সিলেটের ক্রাইসিস সময়ে আপনাকে আনা হয়েছে, সেদিকে আপনার সু-নজর বেশি দিতে হবে। মেট্রোপলিটন থানা এলাকার স্কুল-কলেজসহ নানা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করতে হবে। আপনারা উদ্যোগ নেন, সহায়তা করবো।
তিনি বলেন,পুলিশ বহিনী শান্তি মিশনে দেশের বেশ সুনাম বয়ে এনেছে। এম.সি কলেজের ঘটনায় আপরাধীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ এর সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ এহসান উদ্দিন চৌধুরী পিপিএম এবং সিনিয়র সহকারী পুলিশ কমিশান রাখী রাণী দাসের যৌথ সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং ডে’তে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সালেহ আহমদ, মোদনমোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জ্জুন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার আহমদ হায়দারী, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও সম্মানা প্রদান অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন এএসআই হাফিজ মোঃ ইমরান হোসেন ও নায়েক প্রসেংজিত পবিত্র গীতা পাঠ করেন।
কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদানের জন্য চারজনকে সম্মানা প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
