কমলগঞ্জে আলোচিত ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামী সহ ৪ জন গ্রেফতার

by News Room
নাসরিন প্রিয়া, মৌলভীবাজার থেকেঃ
কমলগঞ্জে আলোচিত ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামী তফাজ্জল আলীসহ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে এই হত্যা মামলার তিনজন এজাহারভূক্ত আসামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার অফিসে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এবি এম মুজাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আজ (৪ নভেম্বর) ভোরে ঢাকার কমলাপুর এলাকা থেকে নাজমুল হাসান হত্যা মামলার মূল আসামী তফাজ্জল আলীসহ এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তফাজ্জল আলীর কাছ থেকে পাসপোর্ট, এমিরেটস এয়ারলাইন্সের টিকেট, মোবাইল ফোন, চারটি বিদেশীসহ পাঁচটি সীম কার্ড ও ৩৩৮ দিরহাম উদ্ধার করা হয়। সে বিদেশ পালিয়ে যাওয়ার প্রস্ততি নিছিলো। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নাজমুল হাসানের সাথে তফাজ্জল আলী গংদের দীর্ঘদিন ধরে চৈত্রঘাট বাজার, বালু ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিলো।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে চৈত্রঘাট বাজারে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী নাজমুল হাসানকে। পরে হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

You may also like

Leave a Comment