সুনামগঞ্জ প্রতিনিধি : দুদিন ধরে খোঁজ মিলছে না যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের। সিলেট এবং সুনামগঞ্জের সম্ভাব্য স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধান মেলেনি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম জানান, এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি জিডি হয়েছে। এর আলোকে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
মুজিবুর রহমানের শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসাইন জানান, রোববার বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেট বাসায় ফেরার পথে গাড়ি, ড্রাইভারসহ মুজিবুর রহমান আকস্মিকভাবে নিখোঁজ হন। বিষয়টি সিলেট ও সুনামগঞ্জের আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার আনোয়ার। এ অবস্থায় দুই পরিবারে চরম উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। মুজিবের ব্যবহৃত দুটি মোবাইল (০১৮৫১ ১৯৭৭৭১, ০১৭৭৫ ৫৭৩০১০) বন্ধ রয়েছে বলে জানান আনোয়ার। ড্রাইভারের মোবাইলেও বন্ধ রয়েছে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
জানা গেছে, জনাব মুজিব কয়েক মাস ধরে দেশে একা অবস্থান করছেন। তার বাসা নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায়। সুনামগজ্ঞে নির্মানাধীন একটি মার্কেটের কাজ দেখতে প্রায়ই তাকে সুনামগঞ্জে যেতে হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
