150
বিনোদন প্রতিবেদক:
শাকিব খানের বিপরীতে এবার নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিশা। ছবির নাম ‘প্রেম করে আমি মরবো’। এ বছরের আলোচিত এবং ব্যবসাসফল ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’র সফলতার পর একই পরিচালক সাফিউদ্দিন সাফি এবং প্রযোজক ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মাণ হতে যাচ্ছে ‘প্রেম করে আমি মরবো’ শীর্ষক এই ছবি। রুম্মান রশীদ খানের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে এ ছবির শুটিং শুরু হবে আসছে ফেব্রুয়ারি থেকে।
ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল একটি ভাল কাজের জন্য খরচ করতে কার্পণ্য করে না। এ ছবিতেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির মতো এ ছবির গল্প, সংলাপেও নতুনত্বের ছোঁয়া আছে। দেশ এবং দেশের বাইরে কাজ করা হবে।এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এবং ‘টেলিভিশন’ ছবিতে কাজ করেছেন তিশা। প্রয়াত তারেক মাসুদের ‘রানওয়ে’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন । সেই হিসেবে ‘প্রেম করে আমি মরবো’ তিশার চতুর্থ ছবি।
এ বিষয়ে শাকিব বলেন, ‘আমি তিশার সবগুলো ছবিই দেখেছি। সে অনেক ভালো অভিনয় করে। বাণিজ্যিক ছবির সুপারস্টার হওয়ার জন্য একজন অভিনয়শিল্পীর যেসব গুণের দরকার তার সবই তিশার মধ্যে আছে।’ শাকিব এও বলেন, ‘তিশা এমনিতে মিষ্টি একটি মেয়ে। বাণিজ্যিক ছবির জন্য শত ভাগ যোগ্য। তার শারীরিক গঠনও চলচ্চিত্র উপযোগী।
সে অনেক ভালো নাচে আর অভিনয়ের কথা তো আগেই বলেছি।’ এদিকে তিশা প্রসঙ্গে ছবির পরিচালক সাফিউদ্দিন বলেন, ‘ব্যতিক্রমধর্মী প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। গল্পটা অনেক সুন্দর। গতানুগতিক বাণিজ্যিক ছবির কাউকে এই ছবির নায়িকা হিসেবে চাচ্ছিলাম না আমি। অনেক ভাবনা-চিন্তার পর তিশাকে যোগ্য মনে হয়েছে। আমার বিশ্বাস, শাকিব- তিশা জুটিকে দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।
