এক বুক স্বপ্ন নিয়ে শুরু করেছি ২১

by News Room

রুখসানা খাতুন:কালের আবর্তে হারিয়ে গেলো আরও একটি বছর। স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। নতুন বছর নিয়ে প্রত্যাশার কমতি নেই শিক্ষার্থীদের। আর তাই ২০২১ নিয়ে কয়েকজন শিক্ষার্থীর প্রত্যাশা তুলে ধরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুখসানা খাতুন।

আবু তালহা আকাশ, ইসলামী বিশ্ববিদ্যালয়-‘জীবন’ তিন অক্ষরের একটি ছোট্ট শব্দ। এই ছোট্ট শব্দটিকে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার ‘জীবন সঙ্গীত’ কবিতায় শৈবালের নীড়ের (পানিতে ভাসমান এক ধরনের সবুজ উদ্ভিদ) সঙ্গে তুলনা করেছেন। শৈবালের নীড় যেমন ক্ষণস্থায়ী, মানবজীবনও তেমনি ক্ষণস্থায়ী। কুয়াশা কিংবা বৃষ্টির ফোঁটা এর উপরে পড়লে কিছুক্ষণ পরে তা আবার ঝরে পড়ে। মানবজীবনও এ রকম; যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ শৈবালের পাতায় জমে থাকা শিশিরের মতো মানুষের আয়ুও ক্ষণস্থায়ী।

এক একটা দিন যায়, মাস যায়, বছর যায় আমরা মৃত্যু নামক চিরন্তন মহাসত্যের দিকে আমরা ধাবিত হই। এই জীবনেই থাকে নানারকম শিক্ষা, উত্থান-পতন, কমেডি, ট্রাজেডি। খাঁটি সোনা যেমন আগুনে পুড়ে পুড়ে আরো খাঁটি হয়, ঠিক তেমন ২০২০ সালটাকে আমরা আমাদের এই সূক্ষ্ম জীবনকে সমৃদ্ধ করতে এবং বাকি জীবন চলার পথের পাথেয় হিসেবে নিতে পারি।

করোনা মহামারির ২০২০ সাল প্রথমেই আমাদের যে শিক্ষাটা দিয়েছে, তা হলো প্রযুক্তির উপরে নির্ভরশীলতা। আজ আমাদের শিক্ষাকার্যক্রম থেকে শুরু করে, ব্যবসা-বাণিজ্য এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সভা থেকে শুরু করে সবকিছুই প্রযুক্তি নির্ভর। একসময় অনলাইনে যেসব বিষয়কে আমরা কল্পনাও করতে পারিনি, এখন আমরা তা বাস্তবায়ন করছি। তাই সব ক্ষেত্রে প্রযুক্তির প্রতি আমাদের আরো দক্ষতা বৃদ্ধি ও ইন্টারনেটের উচ্চ গতিসহ সবার ব্যবহারের জন্য তা সহজলভ্য করার প্রত্যাশা করছি। এক বুক স্বপ্ন নিয়ে শুরু করেছি ২১, স্বপ্নটা বাস্তবায়ন হোক।

জুবায়ের হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় –বিশের বিষ! কথাটি বললে ভুল কিছু বলা হবে না। এ বছর বদলে দিয়েছে অনেক কিছু। ২০২০ এর প্রায় পুরো বছরটাই আমাদের মুখোমুখি হতে হয়েছে এক অন্য রকম পরিস্থিতির সংঙ্গে। শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ সব কিছুর ধারা পাল্টে দিয়েছে। রয়ে গেছে এক অপূরণীয় ক্ষতি।

নতুন বছরের প্রত্যাশা অনেক। একুশের আগমনে সুস্থ হয়ে উঠুক পৃথিবী। করোনার বিষাক্ত ছোবল থেকে বেরিয়ে কাটিয়ে উঠুক সব অপূরণীয় ক্ষতি। নতুন স্বপ্ন আর সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুনভাবে জীবনযাপন করুক সবাই। না পাওয়ার সব গ্লানি মুছে নতুন বছর অর্জন আর প্রাচুর্য্যে, সৃষ্টি আর কল্যাণে ভরে উঠুক। নতুন বছর সবাই সুস্থ ও সুন্দরভাবে শুরু করুক সেই প্রত্যাশা।

ফারহানা আমবেরীন লিওনা, নজরুল বিশ্ববিদ্যালয়-যে প্রত্যয়ে প্রায় ৫০ বছর আগে আমাদের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ স্বাধীনতা এসেছিল, সে প্রত্যয়ে ফাটল ধরেছে। ১৯৭১ সালে আমাদের ভেতর যেমন ধর্মান্ধতা ছিল না, সাম্প্রদায়িকতা ছিল না, সেসব আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ কেবল সংস্কৃতিকে ধর্মের নামে কুলশিত করা হচ্ছে। সংস্কৃতি বাঙালির অস্তিত্ব। এর দিকে আঙুল তোলা মানে বাঙালির অস্তিত্বকে ধ্বংস করা। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি ‘সংস্কৃতিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ’ দেখার প্রত্যাশা করি।

রকিব মিশর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-২০২০ সালটা ছিল একটা ভয়াবহ স্বপ্নের মতো। করোনা মহামারি অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে অসংখ্য পরিবারের আনন্দ এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ২০২০ এর মার্চ থেকে। এই একটা বছর সব স্তরের মানুষের জন্য একটা ভয়াবহ স্বপ্ন ছিল। নতুন বছরটা আশা করি সুন্দরভাবে শুরু হবে।

সুত্র:রাইজিংবিডি

You may also like

Leave a Comment