গোলাপগন্জ উপজেলা প্রতিনিধি:প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সবচেয়ে আলোচিত ও সংস্কারের অভাবে বিলীন হওয়া উত্তর আলমপুর রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসীরা।
স্মারকলিপি প্রদানের ৩ দিনের মাথায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসা কে সাথে নিয়ে গত ৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে রাস্তাটি পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, উত্তর আলমপুরের এই রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। পাশাপাশি পানি উন্নয়নে বোর্ডের সাথেও যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।
উপজেলা প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান বলেন, এ রাস্তাটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে আগেও প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু রাস্তাটি সরেজমিনে আজ এসে দেখলাম, রাস্তাটি প্রায় বিলীন হওয়ার পথে। গুরুত্ব সহকারে রাস্তাটি সংস্কারের জন্য আবারো প্রস্তাব পাঠানো হবে।
এর আগে রাস্তাটি বিলীন হওয়ার দৃশ্য বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তা সংস্কারের জন্য উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি এলাকাবাসীর উদ্যোগে গণস্বাক্ষর গ্রহণ করে গত ২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপস্থিত ছিলেন ফরিজ উদ্দিন, বাবুল আহমদ, সালেহ আহমদ সাকের, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মোঃ জাকির হোসাইন, যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার উত্তর বাদেপাশা ও ভাদেশ্বর ইউনিয়নের মধ্যবর্তী এ রাস্তাটি দিয়ে ১০/১২টি গ্রামের মানুষের যাতায়াত। রাস্তাটি কুশিয়ারা নদী থেকে বয়ে আসা একটি খালের পানির তীব্র স্রোতে বিলীন হতে চলেছে। একসময় রাস্তাটি দিয়ে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করলেও তীব্র ভাঙ্গনের ফলে বর্তমানে পায়ে হেটে চলাও দুষ্কর হয়ে উঠেছে। আর এতে করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
উত্তর আলমপুরের বিলীন হওয়া রাস্তা পরিদর্শনে গোলাপগঞ্জের ইউএনও
192
