আন্তর্জাতিক ডেস্ক:জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন।
বিবিসির পূর্বাভাস অনুযায়ী, তিনি ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, অর্থাৎ তিনি জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, যদিও তা নির্ভর করবে আইনগত চ্যালেঞ্জের ফলাফলের ওপর।
ভোটের ফলাফলের হিসাবে পেনসিলভেনিয়ায় জো বাইডেনকে বিজয়ী হবার খবর দিচ্ছে সংবাদমাধ্যমগুলো।
পেনসিলভেনিয়ায় জেতার মাধ্যমে মি. বাইডেন সেখানকার ২০টি ইলেকটোরাল ভোট পেয়ে গেলেন।
এর ফলে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ভোট তিনি ছাড়িয়ে গেলেন।
মি. বাইডেনের রানিংমেট কমালা হ্যারিস হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ এবং দাক্ষণ এশিয়ান বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট।
পেনসিলভেনিয়া সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যে ভোটগণনা এখনও চলছে।
এগুলোর মধ্যে জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাডাতে তিনি এগিয়ে রয়েছেন।
ফলে এই তিনটি রাজ্যে তিনি জিতলে তিনি জয়ের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল ভোটের চেয়ে আরও বেশি ভোট পেয়ে যাবেন।
এই ভোটগুলো পেলে তার ঝুলিতে যাবে ৩০৬টি ভোট।
মি. বাইডেনের বিজয়ের খবর জানাজানি হবার পর রাজধানী ওয়াশিংটন ডিসির বিএলএম প্লাজায় উল্লসিত লোকজন ‘ঈশ্বরকে প্রশংসা, ডোনাল্ড ট্রাম্প বিদায় নিয়েছেন” বলে গান গাইতে দেখা যায়।
