‘আন্দোলনে প্রস্তুত শিবির, নির্দেশনার অপেক্ষায়’

by News Room

নিয়াজ মাখদুম:

৫ জানুয়ারির নির্বাচন বাতিলের আন্দোলনের চেয়ে এবার সরকার পতনের দাবিতে আরো জোরালো ভূমিকা রাখবে ছাত্রশিবির। এজন্য বিএনপির স্থায়ী কমিটি ও জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে সংগঠনটি। এমন কথা জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুনির আহমেদ।
আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শিবির এমনই একটি সংগঠন যেকোনো সময় যেকোনো অবস্থায় সিদ্ধান্ত নিতে পারে। এজন্য সময় নিতে হয় না। আন্দোলনের বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ। এখন শুধু নির্দেশনা বাকি আছে। আন্দোলনের ধরন কেমন হবে ইতিমধ্যে দেশের সব শাখাকে জানিয়ে দেয়া হয়েছে।”

পেছনের আন্দোলনের কথা স্মরণ করিয়ে মুনির আহমেদ বলেন, “বিগত আন্দোলনে শিবিরই একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের অনেক নেতাকর্মী মারা গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, এখনো কারাগারে দিন কাটাচ্ছে। এরপরেও আমরা আন্দোলন থেকে পিছপা হইনি। ২৯ ডিসেম্বর সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা রাজধানীতে এসেছে। কিন্তু বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের অবহেলার কারণে লক্ষে পৌঁছতে পারিনি। এবার আমরা ভুল করবো না। তাদের গতিবিধি লক্ষ করে রাজপথে থাকবো।”

তিনি বলেন, “আওয়ামী সরকার গত মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ছাত্রশিবির ধ্বংসে উঠেপড়ে লেগেছে। কিন্তু সরকারের শত নির্যাতন, অপপ্রচার মোকাবেলা করে এই সংগঠনের নেতাকর্মীরা প্রমাণ করেছে, বাংলাদেশের মাটিতে আর যাই হোক, শিবিরের অপ্রতিরোধ্য গতিকে রোখা যাবে না। দেশের প্রতিটি জেলায় তীব্র আন্দোলন গড়ে সরকারকে উপযুক্ত শিক্ষা দেয়া হবে।”

শিবিরের প্রচার সম্পাদক জানিয়েছেন রমজান মাসে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি দেশের বিভিন্ন মহানগরী জেলা ও থানা শাখায় সফর করেছেন। সেই সফরের আন্দোলনের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে নেতাকর্মীদের সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

সংগঠন সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত বছরের থেকে তিন গুণ শিক্ষার্থী শিবিরের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এটাকে শিবির নেতারা সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে দেখছেন।

You may also like

Leave a Comment