ইয়াহইয়া আহমদ: প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে আজ দুপুরে তার জামিন মঞ্জুর করেন সিলেট মহানগর দায়রা জজ আদালত। সর্বশেষ, এডভোকেট জুবায়েরকে ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি হত্যা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে আটক দেখানো হয়েছিল। গত ১৩ মাসে তার বিরুদ্ধে ১৮ মামলা দিয়েছে পুলিশ। এর একেকটিতে জামিন পাবার পর পরই অন্য মামলায় তাকে আটক দেখানো হয়।
২০১৩ সালের ১৭ মার্চ রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয় সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে। তার গ্রেফতারের প্রতিবাদে ঐ বছরের ২০ মার্চ সিলেটে হরতাল আহবান করে জামায়াত। ঐ দিন হরতাল চলাকালে বিশ্বনাথে পুলিশের গুলিতে নিহত হন জামায়াত কর্মী গোলাম রব্বানী।
১৭ মার্চ এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতারের পর তাকে সিলেটে শহীদ মিনারে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলা গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে একই সাথে তাকে আটক দেখানো হয় আরো অন্তত: ৬টি মামলায়। এ সব মামলায় একে একে জামিন পেলেও নতুন ভাবে অন্য মামলায় জুবায়েরকে গ্রেফতার দেখায় পুলিশ। সর্বশেষ ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
অবশেষে সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়েরের কারামুক্তি
164
