নিউজ ডেস্ক:অচিরেই দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করতে আন্দোলনের নতুন রূপরেখা ও কৌশলে যাওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী জোট।বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের পক্ষে মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এ ঘোষণা দেন।তিনি বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে এবং অচিরেই দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করতে আন্দোলনের নতুন রূপরেখা ও কৌশল প্রত্যক্ষ করবে শাসকগোষ্ঠী।একই সঙ্গে অবরোধের পাশাপাশি আগামীকাল বুধবার দেশব্যাপী জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০-দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই মুখপাত্র।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘আইনী শাসনের অবসান, নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক দেশব্যাপী তাণ্ডব ও রাষ্ট্রের সকল অঙ্গকে কূটকৌশলে আয়ত্ত্বে নিয়ে অবৈধ ক্ষমতা চিরস্থায়ীকরণের উন্মাদনায় লিপ্ত হয়েছে আওয়ামী লীগ।’‘এর ফলে আজ জাতীয় জীবন অবরুদ্ধ, বাকশালী বন্দীশালায় গণতন্ত্র নামক শব্দটি আজ ক্ষতবিক্ষত। শাসকগোষ্ঠীর অন্ধপ্রতিহিংসা ও ক্ষমতার মোহে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নপ্রায়’ অভিযোগ করেন তিনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সামাজিক ন্যায়বিচার তিরোধানের ফলেই মুক্তিযুদ্ধের সকল অর্জন ধুলিস্যাৎ হয়ে গেছে। ক্রসফায়ারের মাধ্যমে ধারাবাহিক গণহত্যা, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অপহরণের পর অস্বীকার, গুম, গণগ্রেপ্তার, মামলা-হামলা ও মানবাধিকার লঙ্ঘন এখন বাংলাদেশে রেওয়াজে পরিণত করেছে সরকার।’তিনি বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সকল দরজা বন্ধ করে দিয়ে বর্তমান সংবিধানকে মানবিক ও নাগরিক অধিকার হরণের হাতিয়ারে পরিণত করা হয়েছে।’বরকত উল্লাহ বুলু বলেন, ‘নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ ও রাষ্ট্রের নির্বাহী বিভাগকে পরিণত করা হয়েছে সরকারের অবৈধ আদেশ পালনের প্রতিষ্ঠান রূপে। প্রশাসনে নিরপেক্ষ লোকদের বসানো হচ্ছে ওএসডি নামক অপমানজনক ও কর্মহীন পদে। ফলে রাষ্ট্রে পরিণত হতে আর দেরি নেই।’
তিনি বলেন, ‘প্রতিহিংসা ও বিদ্বেষমূলক অপরাজনীতি থেকে বেরিয়ে এসে গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য দেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে ২০-দলীয় জোট আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। ঐক্যবদ্ধ জনগণ ন্যায়সঙ্গত আন্দোলনের বিজয় পতাকা উড়াবেই, ইনশাআল্লাহ।’বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গুমের পক্ষকাল অতিক্রান্ত হতে যাচ্ছে। অথচ এ বিষয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। জাতীয় নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতের অন্ধকারে আটক করার পর এখনও পর্যন্ত তার হদিস না পাওয়া জাতিকে শিহরিত ও ভাবিয়ে তুলেছে।’সালাহ উদ্দিনসহ সারাদেশে ২০-দলীয় জোটের নেতাকর্মীদেরকে তাদের পরিবারের নিকট সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া এবং সারাদেশে গুম, খুন, বন্দুকযুদ্ধের নামে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা, গণগ্রেপ্তার ও যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ণ বন্ধের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি।ছাড়া আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশব্যাপী বিএনপিসহ ২০-দলীয় জোটের অঙ্গীভূত সকল শরিক দলকে তাদের স্ব স্ব উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বতঃস্ফুর্তভাবে পালনের জন্য অনুরোধ করেন বরকত উল্লাহ বুলু।
