বিনোদন ডেস্ক
: “মানুষ মাত্রই ভুল করে। আমিও জীবনে কিছু ভুল করেছি। যদি এ ভুলগুলো বাবা-মা ক্ষমা করে দেন, ভাববো সবাই আমাকে ক্ষমা করেছেন। এ জন্য মায়ের কাছে ক্ষমা চাই।’ আরটিভির সেলিব্রেটি টকশো ‘আমি আর মা’তে মায়ের সামনে কথাগুলো বলছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
প্রভা আরও বলেন, “সন্তান যে ভুলই করুক মা আগলে রাখেন বুকে। আমার মা ও এমনই। আমার সকল বিপদে মা পাশে থেকে উদ্ধার করেছেন। সাহস জুগিয়েছেন।”
সেলিব্রেটি টকশো ভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’র এবারের পর্বে অতিথি হয়ে আসছেন ছোট পর্দার অভিনেত্রী প্রভা ও তার মা রাবেয়া রহমান। অনুষ্ঠানটি প্রযাজনা করছেন সোহেল রানা বিদ্যুত।
বিদ্যুত অনুষ্ঠান বিষয়ে রাইজিংবিডিকে বলেন, “সাধারণ দর্শকদের কাছে মিডিয়া জগতের মানুষেরা হচ্ছে স্বপ্নের মতো। তারা যখন টিভি বা সিনেমাতে তাদের সেই প্রিয় মানুষটিকে দেখে তখন স্বভাবতই তার সেই প্রিয় মানুষটির সম্পর্কে নানা তথ্য জানার ইচ্ছা পোষন করে। এই অনুষ্ঠানটির মাধ্যমে সেই সাধারণ মানুষটি তার স্বপ্নের সেলিব্রেটির নানা অজানা তথ্য জানতে পারবেন।”
বিদ্যুত আরও জানান এ পর্বে প্রভার মা জানাবেন মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোট বেলার ছবি ও ভিডিও ফুটেজ। এছাড়া এ অনুষ্ঠানে থাকছে আরও বেশ কিছু সেগমেন্ট ।
অনুষ্ঠানটি প্রচার হবে ৩ জানুয়ারী শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে।
