রংপুরে পুলিশের গুলিতে জামায়াত নেতা নিহত

by News Room

নিউজ ডেস্ক: রংপুর মিঠাপুকুর উপজেলায় পুলিশের গুলিতে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল হুদা লাবলু (২৮) নিহত হয়েছেন।

পুলিশের দাবি, রবিবার রাত সাড়ে তিনটার দিকে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাজমুল হুদা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

নিহত নাজমুল হুদা মিঠাপুকুর উপজেলা ছত্রিশিবিরের সাবেক সভাপতি এবং উপজেলার মির্জাপুর গ্রামের নুরুন্নবী শাহের ছেলে।

রংপুর ডিবির ওসি শরীফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।’

খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে অবরোধকারীরা কয়েকটি পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা পালিয়ে যায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ডিবির ওসি।তিনি দাবি করেন, এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি পেট্রোল বোমা, একটি ককটেল, ৪টি ধারাল অস্ত্র এবং একটি গাছ কাটা করাত উদ্ধার করেছে

গত ১৪ ফেব্রুয়ারি রংপুর-ঢাকা মহাসড়কে বাসে পেট্রোল বোমা হামলায় ছয়জন নিহতের ঘটনায় পুলিশের মামলায় নিহত নাজমুল হুদাকে প্রধান আসামি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

You may also like

Leave a Comment