228
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বিকাল ৫টায় রসিদপুর রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শায়েস্তাগঞ্জ জংশন স্টেশন মাস্টার কাজী শহীদুল ইসলাম জানান, রসিদপুর রেলওয়ে স্টেশনের কাছে চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনের পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস মাধবপুর উপজেলার নয়াপাড়া স্টেশনে আটকা পড়ে।
শহীদুল ইসলাম আরো জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রসিদপুর রেলওয়ে স্টেশনের দিকে রওয়ানা হয়েছে।
রাত ১০টার আগে লাইনচ্যুত বগি উদ্ধার করার সম্ভাবনা কম বলে জানান তিনি।
