ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে পৌঁছার পর দেখা করতে না পেরে ফিরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সিনিয়র নেতাদের নিয়ে তিনি শনিবার রাত আটটা ৩৫ মিনিটের দিকে গুলশান পৌঁছান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সন্ধ্যার পর থেকে কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। এরপর সাড়ে আটটার দিকে গাড়িবহর নিয়ে শেখ হাসিনা কার্যালয়ে আসেন।
তিনি তার গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। এ সময় বিএনপির কোনো নেতা কিংবা খালেদা জিয়ার কার্যালয়ের কোনো কর্মকর্তা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কিংবা তার সাথে কুশল বিনিময় করতে আসেননি।
এ অবস্থায় মিনিট দশেক গাড়ির ভেতরেই অবস্থান করেন প্রধানমন্ত্রী। পরে কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামেন তিনি। কিন্তু কার্যালয়ের গেট না খোলায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গণভবনের উদ্দেশ্যে ফিরে যায়।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থান করেন এরপর তারাও ফিরে যান।
প্রধানমন্ত্রী আসার আগেই খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এক প্রেস ব্রিফিংয়ে জানান যে ছেলের মৃত্যু সংবাদে বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়লে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কেউ তার সাথে দেখা করতে পারছেন না। এ অবস্থায় খালেদা জিয়া সুস্থ হলে প্রধানমন্ত্রীকে আসার আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।
