ডেস্ক রিপোর্ট: ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে শিবিরের মিছিলে গুলি ছুঁড়েছে পুলিশ। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর মজুমদারী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৩৬ ঘন্টা হরতালের শেষ দিনে শুরুতে সকাল সাড়ে ৮টায় নগরীর মজুমদারী এলাকায় একটি মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। মিছিলটি একটু অগ্রসর হয়ে বিমান অফিস এলাকায় আসার পর পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় শিবির নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করার চেষ্ঠা করে। তারাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বন্দর থানার ওসি গৌছুল আলম বলেন, সকালে শিবির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করছিল। তখন আমরা গুলি ছুঁড়ি। পরে তারা পালিয়ে গেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
এদিকে, হরতালের সমর্থনে নগরীর খাসদবির ছাড়াও শাহী ঈদগাহ ও বালুচর এলাকায় ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা।
