নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১০জন আহত হয়েছে। সোমবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ-দিরাই সড়কের নারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, মা প্রাপ্তি রানী দাস(৩৫) ও তার ছেলে প্রিয়জিৎ দাস(৬)। প্রাপ্তি রানী জেলার তাহিরপুর উপজেলার বভানীপুর গ্রামের গোপি রঞ্জন দাসের স্ত্রী।
গুরুতর আহত ৫জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহি লেগুনা দিরাই যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। আহত হয় আরো ১০জন। খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
