সিলেট নগরীতে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি (ইউওয়াইবিডিএস)। সংগঠনের ‘অন্নছায়া প্রজেক্ট’-এর আওতায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর কানিশাইল এলাকার সজীব মিয়ার কলোনি সংলগ্ন ‘সূর্যমুখী পাঠশালা’-য় ৫০ জন ছিন্নমূল ও অসহায় শিশুর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান, উপদেষ্টা উৎফল বড়ুয়া ও প্রশান্ত লিটন এবং সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মুহিবুর রহমান শুয়াইব।
এছাড়া কর্মসূচিতে অংশ নেন ইউওয়াইবিডিএসের সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, দপ্তর উপ-সম্পাদক তারিকুল ইসলাম যাওহার, তথ্যপ্রযুক্তি সেলের সদস্য আজিজ রানা হারুন, সদস্য আহমেদ মারজান, রাবেয়া বেগম, ইফতেখারসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। এ সময় সূর্যমুখী পাঠশালার প্রতিষ্ঠাতা রুহেল আহমদ ও পাঠশালার শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্ব নয়, বরং একটি বৈষম্যহীন সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতেই অন্নছায়া প্রজেক্ট কাজ করে যাচ্ছে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এসব শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের উপদেষ্টারা তাঁদের বক্তব্যে এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়াতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো কার্যক্রম শিশুদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে অন্নছায়া প্রজেক্টের এ কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
