সিলেট নগরীর টিলাগড় শাপলাবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘স্বদেশী ফুডস’ নামক একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিলেট জেলা কার্যালয় ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সার্বিক সহযোগিতা প্রদান করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে বেশ কিছু গুরুতর অনিয়ম ও অসংগতি ধরা পড়ে। এর মধ্যে রয়েছে—চটপটি তৈরিতে ব্যবহৃত মটর ডালে অননুমোদিত রাসায়নিক রং মিশিয়ে সেটিকে ‘মটরশুঁটি’ হিসেবে বাজারজাত করা এবং বিভিন্ন ধরনের আচারে অননুমোদিত রং ও কেওড়া জল মেশানো।
এছাড়া নিবন্ধন ছাড়াই সাতকরা, জলপাই ও রসুনের আচার এবং মটরশুঁটি উৎপাদন ও মজুদ রাখা, পণ্যের মোড়কে অসত্য তথ্য (লেবেলিং) ব্যবহার এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আচার উৎপাদন ও কাঁচামাল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা এসব অপরাধ স্বীকার করলে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী স্বদেশী ফুডসকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
