বিএনপি সরকারের সময়ে এই অঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিল—-মানিক এমপি

by News Room

ছাতক প্রতিনিধি: ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বিগত বিএনপি সরকারের সময়ে এই অঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিল। শুধু উন্নয়ন বঞ্চিত নয়। বিএনপি সরকার দেশের অনেক কলকারখানাসহ গরিবের চিকিৎসার শেষ আশ্রয়স্থল সবক’টি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। ছাতক-দোয়ারায় এসব বন্ধ হয়ে উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ছোঁয়া এই অঞ্চলেও আলোর মুখ দেখেছে। যার সুফল এখন ভোগ করছেন সাধারণ মানুষ। এমপি মানিক আরো বলেন, বঙ্গকন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে উন্নয়নের চিত্র বদলেছে। বিশ্বে এমন নজির নেই, বছরের প্রথম দিনে শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া। একমাত্র শেখ হাসিনার সরকারের দ্বারা সেটি সম্ভব হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান। শনিবার (৪ নভেম্বর) সকালে ছাতকের সিবিপি উচ্ছ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নবনির্মিত ছানাউর রহমান তালুকদার স্মৃতি ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব দুদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং শিক্ষক বিপ্লব চন্দ্র পালের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামঞ্জের নির্বাহী প্রকৌশলী (শিক্ষা) মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আবু বক্কর, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মুহিবুর রহমান তালুকদার টুনু। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএসসি পরিক্ষার্থী মাসকুরা বেগম এবং গীতা পাঠ করেন সপ্তম শ্রেণীর ছাত্রী তনুশ্রী সামন্ত।

You may also like

Leave a Comment