বিনোদন প্রতিবেদক:রাত্রির যাত্রী নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন মৌসুমী। ছবিতে তিনি ময়না চরিত্রে অভিনয় করবেন। সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার কাজটি করছেন হাবিবুল ইসলাম হাবিব। ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে মৌসুমী বললেন, ‘দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। এখন গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে ছবি করতে চাই। হাবিবুল ইসলাম হাবিরের লেখা চিত্রনাট্যটি পড়ে মনে হলো, এখানে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। আমার বিশ্বাস, দর্শকেরাও চাইছেন, বর্তমান সময়ে আমি যেন ভিন্ন ধরনের চরিত্রে কাজ করি।’
সুযোগটা হলো কীভাবে? ‘হাবিব ভাইয়ের সঙ্গে আগে থেকেই মোটামুটি পরিচয় ছিল। অনেকবারই তাঁর সঙ্গে ছবিটির গল্প নিয়ে কথা হয়েছে। চূড়ান্তভাবে চিত্রনাট্যটি পড়ার পর ময়না চরিত্রটির মধ্যে ভিন্নতা খুঁজে পাই। কাজটি করার জন্য রাজি হয়ে গেলাম।’ছবির গল্প প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব জানান, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে আজকের প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা ও বাস্তবতার চালচিত্র এই ছবিটি। এখানে একটি মেয়ের জার্নি দেখানো হয়েছে। গ্রাম থেকে বাধ্য হয়ে উঠে আসা মেয়েটির স্বপ্ন, ভালোবাসা, চাওয়া-পাওয়া ও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর সংগ্রাম তুলে ধরা হয়েছে ছবিটিতে।
প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে কাজ করতে যাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। নিজের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বললেন, ‘দীর্ঘদিন ধরেই মঞ্চনাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে কাজ করে আসছি। সেই অভিজ্ঞতা থেকেই শুরু করতে যাচ্ছি। তা ছাড়া প্রায় দুই বছর সময় নিয়ে এই চিত্রনাট্যটি শেষ করেছি।’
হাবিব জানান, শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।
‘রাত্রির যাত্রী’ মৌসুমী
157
previous post
