হাওর বিলাস : নুরুল আলম আলমাস

by News Room

উত্তাল ঢেউ আঁছড়ে পড়ছে তীরে! ঢেউয়ের তালে জেলেদের মাছ ধরার ছোট ছোট নৌকাগুলো যেন এক নান্দনিক নৃত্যে মেতে উঠেছে। দৃশ্যটা আমি দারুণ উপভোগ করছি!

এই উপভোগের মধ্যেই চলছে দুপুরের খাবার। প্রকৃতির সৌন্দর্য খাবারের স্বাদকে যেন বাড়িয়েছে বহুগুণ। নৌকায় খোলা আকাশের নিচে চড়ুইভাতির অবয়বে উদরপূর্তির এ আয়োজনে স্বাদ তো বাড়বেই!

হাওরের প্রকৃতি আমাকে বরাবরই মুগ্ধ করে।
নির্মল মুক্ত বাতাস আর উত্তাল তরঙ্গে প্রশান্তির অবগাহন মুগ্ধ না করে পারে? সূর্যাস্তে বিস্তীর্ণ হাওরজলে সুনীল আকাশের দিগন্তজোড়া মিতালি আমার আঁখি জুড়ায়।

বুনো হাঁস পাখা মেলে শাঁই শাঁই শব্দ শুনি তার! জীবনানন্দের কবিতার এ পঙক্তির মতোই নানা প্রজাতির পাখির কিচিরমিচির মৃদুল শব্দে মুখরিত হাওরের প্রকৃতি। স্বচ্ছ জলরাশিতে ডুবুডুবু ভাসমান সবুজে আচ্ছাদিত দূরের গ্রামগুলো যেন জলে ভাসা পদ্ম।

ওয়াচ টাওয়ারের উপর থেকে টইটুম্বুর তরঙ্গজলে উচ্ছ্বসিত লাফ আর জলকেলির রোমাঞ্চে আক্ষেপ থেকেই গেলো! এক্সট্রা কাপড়চোপড় সাথে না থাকায় এই রোমাঞ্চ দর্শনই করলাম, উপভোগের সুযোগ হয়ে ওঠেনি।

পাশের নৌকায় কেউ একজন গান গাচ্ছে-‘হাওরদেশে আইস্যা আমার আশা ফুরাইছে’। তবে আমার আশা ফুরায়নাই, মন জুড়াইছে!

লেখকঃ সাংবাদিক, ব্যবসায়ী

You may also like

Leave a Comment