সুনামগঞ্জে করোনার ভ্যাকসিন নিয়েও তিন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব পালন কালে আরও চার নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।
ভ্যাকসিন নিয়ে আক্রান্ত হওয়া তিন চিকিৎসকরা হলেন- সুনামগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মন, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জহরলাল দাশ শিপলু ও হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস।
অন্যদিকে নার্সরা হলেন, স্বপ্না হাগিদক, মাহমুদা আক্তার, খাদিজাতুল কোবরা ও ঝুউমি পিসিম। তাঁদের মধ্যে নার্স খাদিজাতুল কোবরা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন। অন্য তিনজন নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
তিন জন চিকিৎসক ও চার জন নার্স করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই সুনামগঞ্জ সদর হাসপাতালের হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জহরলাল দাশ শিপলু করোনা পজিটিভ হন। এরপর গত ১৯ জুলাই সোমবার করোনা পজিটিভ হন হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মন। এরপর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস ২০ জুলাই বুধবার করোনা পজিটিভ হন।
গতকাল শুক্রবার সুনামগঞ্জের সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার নমুনা পরীক্ষায়) ৪৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে ঈদের আগে গত সপ্তাহে করোনা পজিটিভ সংখ্যা আরও বেশি ছিল।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, ঝুঁকিপুর্ন সময়ে মানুষকে চিকিসাসেবা দিতে গিয়ে আমাদের চিকিৎসকও নার্সরা করোনা আক্রান্ত হচ্ছেন। মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে সচতেন করতে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে তারাও কাজ করছেন।
