৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ গ্রহণ থেকে বিরত থাকায় ভোটারসহ সর্বস্তরের মানুষের প্রতি অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে সিলেট ১৮ দল। বিষয়টি জোটের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অবগত করলে কর্মসূচীতে জামায়াতকে সাথে না রাখার জন্য বলা হয়। সে অনুযায়ী বিকালে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশে শুধু জামায়াত-শিবির ছাড়া ১৮ দলের অন্যান্য নেতাকর্মী জড়ো হন। সাড়ে ৩টায় সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর সহসভাপতি বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, ডা. নাজমুল ইসলাম, সালেহ আহমদ খসরু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। অবৈধ এ সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বাকশালী সরকারকে ক্ষমতাচ্যুত করে অবশ্যই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে।
সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রাসহকারে নেতাকর্মীরা চৌহাট্টায় যান।
