সিলেটের খবর ডেস্ক:ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, অর্পিত সম্পত্তির যন্ত্রণা থেকে আমরা জাতিকে উদ্ধার করতে চাই। দেশে অর্পিত সম্পত্তি নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা বলে কিছু থাকবে না। এ সম্পত্তি হয় ব্যক্তি মালিকানায়, না হয় সরকারি খাস খতিয়ানে চলে যাবে।তিনি আজ বুধবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রাজস্ব কর্মকর্তাদের নিয়ে আয়োজিত অর্পিত সম্পত্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
ভূমি মন্ত্রণালয়ের সংশি¬ষ্ট কর্মকর্তা, সিলেট বিভাগের সকল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), জোনাল সেটেলমেন্ট অফিসার, উপ-ভূমি সংস্কার কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চার্জ অফিসার, রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি), সদর সহকারী সেটেলমেন্ট অফিসার এবং সহকারী সেটেলমেন্ট অফিসারদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘মানুষ অর্পিত সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন করে।’ এর জবাবে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও একাত্তরের খুনি, লুটতরাজ, ধর্ষণকারি মানবতা বিরোধী অপরাধীদের বিচার হচ্ছে, একইভাবে সরকার অর্পিত সম্পত্তি সমস্যার সমাধান করবে।’
মন্ত্রী আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ শেষে হয়েছে ১৯৭১ সালে। কিন্তু মুক্তিযুদ্ধে যে চেতনা, প্রত্যাশা ও আকাঙ্খা তা এখনো বাস্তবায়ন করতে পারি নাই।’
মন্ত্রী ভূমি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘অর্পিত সম্পত্তি বিষয়ে জটিলতা মুখোমুখি হলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের শরণাপন্ন হবেন। তারা আপনাদের সহযোগিতা করবেন। এতে অল্প সময়ে এই সমস্যার সমাধান সম্ভব হবে। অন্যথায় মামলার পেছনে আদালত থেকে আদালতে দৌঁড়াতে দৌঁড়াতে মানুষ কেবল হয়রান হবে। বছরে পর বছর সমস্যার সমাধান হবে না।’তিনি বলেন, ‘এটা নিয়ে দেরি করা যাবে না। এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই সংকট শুধু সরকারের নয়, গোটা জাতির। এটা থেকে উদ্ধারে সবার সহযোগিতা দরকার।’
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম। সভাপতিত্ব করেন সিলেট বিভাগের কমিশনার জামাল উদ্দীন আহমেদ। বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইন) মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
