জৈন্তাপুর প্রতিনিধি, সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউদপাড়া গ্রামের পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানাপুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জুলাই) রাত থেকে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী নিখোঁজ হন। বুধবার (৭ জুলাই) বিকাল ৩টায় এলাকার শিশুরা হেমু হাউদপাড়া গ্রামের বাসিন্দারা এক পুকুরে মহিলার লাশ ভাসতে দেখেন। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায়- লাশটি হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের স্ত্রী সুনাবান বেগম (৬৫)।
একটি সূত্র জানিয়েছে, গত রমজান মাসে সুনাবান বিবি হাওরে ছাগল চরাতে গেলে একটি চক্র জোর পূর্বক তাকে তুলে নিয়ে যায়। তিন দিন হাওরে আটক রেখে থাকে পাশ্ববিক নির্যাতন করে- একটি অভিযোগ জৈন্তাপুর মডেল থানায় তিনি ইতিপূর্বে দায়ের করেছিলেন ।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, থানায় অভিযোগের পর হতে মামলা তুলে নেওয়ার জন্য বৃদ্ধাকে নানা রকম হুমকি দেয়া হয়েছিলো।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরোও জানান, ২ মাস পূর্বে তিনি জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছিলেন।
