হোয়াইট হাউসের ডেপুটি ডিরেক্টর পদে প্রথম ফিলিস্তিনি নারী

by News Room

আন্তর্জাতিক ডেস্ক:হোয়াইট হাউসের আইন বিষয়ক কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানিয়ান-আমেরিকান নাগরিক রিমা দোদিন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই নিয়োগের ঘোষণাটি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে জানানো হয়, প্রশাসনে বৈচিত্র্য বজায় রাখার প্রতিশ্রুতি রক্ষার নজির হিসেবে এমন পদক্ষেপ নিয়েছেন বাইডেন। যদিও ইসরায়েলি দৈনিক পত্রিকা হারিৎজ তাদের খবরে জানায়, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তার পদে রিমা দোদিনের নিয়োগের খবরে চটেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ডানপন্থিরা।

বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউসের আইন বিষয়ক কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর পদে এই প্রথম কোনো আরব-আমেরিকানকে নিয়োগ দেওয়া হলো। এর মধ্য দিয়ে তিনি আরব-আমেরিকান হিসেবে বাইডেন প্রশাসনের অন্যতম শীর্ষ পদে দায়িত্ব পেলেন।

বর্তমানে দোদিন ডেমোক্র্যাটদলীয় সিনেটর ডিক ডারবিনের ডেপুটি চিফ অব স্টাফ এবং ফ্লোর ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি সিনেটর ডারবিনের রিসার্চ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া ২০০৮ সালে বারাক ওবামা এবং ২০১৬ সালে হিলারি ক্লিনটনের হয়ে নির্বাচনি প্রচারে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন দোদিন।

২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কেলে থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক শেষ করেন। তিনি ২০০৬ সালে ডিক ডারবিনের অফিসে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করেন।দোবিনের বাবা বাজিস ও মা সামিয়া দোবিন ফিলিস্তিনের পশ্চিম তীরের দুরা শহর থেকে ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সত্তরের দশকে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি সমঝোতা প্রক্রিয়ায় জড়িত ছিলেন রিমার দাদা জর্ডানের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মুস্তাফা দোদিন।

You may also like

Leave a Comment