হাইকোর্টে পরীমণির পক্ষে দাঁড়াতে প্রস্তুত একদল আইনজীবী

by News Room

সিলেটের খবর ডেস্ক:চিত্রনায়িকা পরীমণিকে মুক্ত করতে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। তার সঙ্গে থাকবেন সুপ্রিম কোর্টের একদল আইনজীবী। সোমবার (২৩ আগস্ট) আইনজীবী জেড আই খান পান্না বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইনজীবী জেড আই খান পান্না বলেন, পরীমণির পক্ষে বিনা পয়সায় আইনি লড়াই করব। আমার সঙ্গে একদল আইনজীবী থাকবেন। আইনজীবী দলে রয়েছেন- অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম, জামিউল হক ফয়সাল, মাহরিন মাসুদ ভূঁইয়া, আয়েশা আক্তার, রোহানী সিদ্দিকা, রোহানী ফারুক খান, দেবাজিৎ দেবনাথ, মশিউর রহমান রিয়াদ, মানিবেন্দ্র রায় মন্ডল, নাজমুস সাকিব, ইয়াসমিন ইতি প্রমুখ।

এদিকে, রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। জামিন বিষয়ে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই অভিনেত্রীর জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান।

এর আগে, শনিবার (২১ আগস্ট) পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব-১।

You may also like

Leave a Comment