ভোটের নামে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে গঠিত সরকারের অনুগত নির্বাচন কমিশনের অধীনে সব রকমের ভোট বর্জনের জন্য দলীয় নেতাকর্মী ও জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম। বর্তমানে দলের নির্দেশনা হচ্ছে দখলদার সরকারের অনুগত কমিশনের অধীনে নির্বাচন থেকে বিরত থাকা।
এক বিবৃতিতে বিএনপি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতারণামূলক ভোট থেকে বিরত থাকুন। যে সরকার ২০১৮ সালের ডিসেম্বর নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা করেছে তাদের অধীনে কখনো সুষ্ঠু ভোট হতে পারে না। ভোটের নামে জনগণের সাথে প্রতারণামূলক নির্বাচনকে বর্জনের মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি সিলেট ৩ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে আরো বলেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মজলুম জননেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র এবং মানুষের সুষ্ঠু ভোটাধিকার অচিরেই ফিরে আসবে এবং দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি জিয়া পরিবার নিয়ে ষড়যন্ত্র সহ যেকোনো পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
